কালীগঞ্জে বিএনপি-জামায়াতের সমঝোতা, হচ্ছে আমির হামজার মাহফিল

- প্রকাশের সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 4

দিনভর নানা নাটকীয়তার পর রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও জামায়াত।
উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংসদ সদস্য আবু তালিব বলেন, ‘কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।’
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তের পর কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়। পরে পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়। তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় জেলা প্রশাসন। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সন্ধ্যায় শহরের মুরগিহাটা এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। বক্তব্য দেন সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে আব্দুল হক মোল্লা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তাঁরা জানতে পেরেছেন। তিনি বলেন, ‘প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই কর্মসূচি বাস্তবায়ন হবেই।’
এদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির পক্ষে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় আয়োজিত সমাবেশে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে রাত ৯টায় ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এতে সংগঠনটির পক্ষে বক্তব্য দেন ইলিয়াস রহমান মিঠু। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইলিয়াস রহমান মিঠু বলেন, তাঁরা প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যাসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ করে আসছেন। এর ধারাবাহিকতায় শুক্রবার শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। সমাবেশ সফল করতে বৃহস্পতিবার শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।




















