নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’র লাইভ-অ্যাকশন সিরিজ

- প্রকাশের সময় : ০৩:১০:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 11

জনপ্রিয় অনলাইন ব্যাটল রয়্যাল গেম ‘পাবজি’ এবার আসছে লাইভ-অ্যাকশন সিরিজ হিসেবে। ভিডিও গেমভিত্তিক নতুন এই সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন অভিনেতা ও নির্মাতা ডোনাল্ড গ্লোভার।
২০১৭ সালে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা পাবজি। গেমটিতে ১০০ জন খেলোয়াড় একটি নির্দিষ্ট এলাকায় টিকে থাকার লড়াইয়ে অংশ নেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় গেমটির জনপ্রিয়তা ব্যাপক।
নেটফ্লিক্সের এই সিরিজে ডোনাল্ড গ্লোভারের পাশাপাশি নির্বাহী প্রযোজক ও লেখক হিসেবে থাকছেন তাঁর ভাই স্টিফেন গ্লোভার। গেমটির মূল ভাবনা ও কাহিনির উপাদান কীভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরা হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ভিডিও গেম অবলম্বনে কনটেন্ট নির্মাণে নেটফ্লিক্সের এটি নতুন উদ্যোগ। এর আগে ‘অ্যাসাসিনস ক্রিড’ ও ‘গিয়ার্স অব ওয়ার’-এর মতো জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, টিকে থাকার লড়াইভিত্তিক জনপ্রিয় গেম ‘পাবজি’কে লাইভ-অ্যাকশন সিরিজে রূপ দেওয়ার উদ্যোগ নেটফ্লিক্সের গেমভিত্তিক কনটেন্টে নতুন মাত্রা যোগ করতে পারে।

























