স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

- প্রকাশের সময় : ১১:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 5

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর বাড়িতে যাতায়াত এবং তাঁকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় অভিযুক্ত হযরত আলী মণ্ডলকে (৩৮) এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলাটি করেন ওই নারী। শুক্রবার (৩০ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।
অভিযুক্ত হযরত আলী পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেফতার হয়ে কারাগারে যান। তাঁকে কারামুক্ত করার আশ্বাস দিয়ে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাঁকে কুপ্রস্তাব দেন হযরত আলী। এতে রাজি না হওয়ায় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
ভুক্তভোগী নারী জানান, স্বামীকে কারাগার থেকে মুক্ত করার কথা বলে হযরত আলী নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও কয়েকবার বাড়িতে যান তিনি। একপর্যায়ে স্বামীকে মুক্ত করার কথা বলে তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন বলে অভিযোগ করেন ওই নারী।
ওই নারী আরও জানান, নিজের নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রমাণ হিসেবে কাজে লাগবে—এমন আশঙ্কা থেকেই তিনি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী নারীর দাবি, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তাঁকে মুক্ত করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর গত সোমবার আইনজীবীর মাধ্যমে স্বামীর জামিন হয়। হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করার পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই নারী।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


















