আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

- প্রকাশের সময় : ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 5

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা শেষে অল্প ব্যবধানে এগিয়ে থেকে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ কাছাকাছি ব্যবধানে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ভোটের ব্যবধান খুব কম থাকায় দুই প্রার্থীর শিবিরেই শেষ পর্যন্ত ফলাফল নিয়ে উদ্বেগ ছিল। এ কারণে চূড়ান্ত ফলের জন্য উভয় পক্ষকে অপেক্ষা করতে হয়।
ফ্লাভিও বলসোনারোর বাবা জইর বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। এর আগে তাঁকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থি নেতা লুলা দা সিলভা।
প্রতিবেদন অনুযায়ী, জইর বলসোনারোর বিরুদ্ধে সামরিক বাহিনীর মাধ্যমে অভ্যুত্থানের চেষ্টা এবং ক্ষমতা হস্তান্তরে গড়িমসির অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতার কারণে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। তবে দ্বিতীয় দফার ভোটে লুলার কাছে পরাজিত হন তিনি।
গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণের প্রয়োজন হয়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ফ্লাভিও বলসোনারো। লুলা দা সিলভা ছিলেন দ্বিতীয় অবস্থানে। তবে দ্বিতীয় দফার ভোটে ব্যবধান পাল্টে যায় এবং লুলা জয়ী হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে পরাজিত হয়েছেন।
সূত্র: বিবিসি




















