রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

- প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 13
রাজবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে কোন ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে।’




















