রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম
- প্রকাশের সময় : ০৬:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 40
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ জেলা পুলিশ সার্বিকভাবে রেঞ্জের জেলাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় রেঞ্জাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সার্বিক কার্যক্রম ও অভিন্ন মানদণ্ডের মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে। এর স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
এ অর্জনের জন্য নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং জেলাবাসীর সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে।
সভায় রাজশাহী রেঞ্জের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), র্যাপিড রেসপন্স ফোর্স (আরআরএফ), রাজশাহী; অতিরিক্ত ডিআইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী বিভাগ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























