ধর্মীয় স্পর্শকাতর পোস্ট ও মিম প্রকাশ, জাবি শিক্ষার্থীকে জরিমানা
- প্রকাশের সময় : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 10
ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয়ভাবে স্পর্শকাতর স্ট্যাটাস ও মিম প্রকাশের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে তাঁকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভার ৩২ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্পর্শকাতর স্ট্যাটাস ও মিম প্রকাশের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলের বিরুদ্ধে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’-এর ৩(৩)(ক) ও (খ) ধারা অনুযায়ী ২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর বন্ধন কুমার মণ্ডল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট ও মিম শেয়ার করেন বলে অভিযোগ ওঠে। পরে ধর্মীয় উসকানি ছড়ানোর অভিযোগ তুলে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।























