পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র
- প্রকাশের সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ও দেশটির প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।
তবে অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধি দলের ওপর অতিরিক্ত কিছু বিধিনিষেধ থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কেবল সীমিত আকারের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে তাকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস তার বক্তব্যের ভিডিও পাঠালে সেটি অধিবেশনে প্রচার করা হবে।
সূত্র: এএফপি























