মামলা থেকে অব্যাহতি, কালীগঞ্জের সাবেক অধ্যক্ষকে চাকরিতে পুনর্বহাল
- প্রকাশের সময় : ০১:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 4
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. মাহবুবুর রহমানকে ফৌজদারি মামলা থেকে অব্যাহতি দেওয়ার পর তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল জলিল মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়, যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি. আর. ২৯৮/২০১৮ নম্বর ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় ২০২৩ সালের ৬ জুলাই ড. মো. মাহবুবুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরবর্তীতে গত ১১ আগস্ট যশোরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে ওই মামলা থেকে পূর্ণাঙ্গ অব্যাহতি দেন। আদালতের এ আদেশের পর ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’-এর ১৯ বিধি অনুযায়ী তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
























