জোরপূর্বক জমি দখলের অভিযোগ
- প্রকাশের সময় : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমদাদুল নামের এক ভুক্তভোগী।
ইমদাদুল চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে।
অভিযোগে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন সরদার, শাহিন সরদার ও শামিম সরদার, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার স্বপন সরদারের ছেলে শফিকুল সরদার এবং শুকদেবপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে আতর মন্ডলকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রব চেয়ারম্যানের বাড়ির পাশে ৩৪ শতাংশ জমি নিয়ে ইমদাদুলদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে রাজবাড়ী আদালতে মামলা চলমান রয়েছে। এ বিরোধের জেরে গত ২৪ আগস্ট অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে ১৪টি মেহগনি গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সপ্তাহখানেক পর অভিযুক্তরা আবারও জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইমদাদুল বলেন, অভিযুক্তদের একজন তার চাচা। দীর্ঘদিন আগে তার চাচা আজিজ সরদার তার অংশের জমি বিক্রি করে দেন। তার বাবা বারেক সরদার ওই জমি কিনে নেন। কিন্তু এখন তার চাচা এসে জমিটি নিজের বলে দাবি করছেন। তাদের কাছে জমি বিক্রির কাগজপত্র রয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য রাজবাড়ী আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে চলমান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষকেই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবেও সমাধানের চেষ্টা করা হচ্ছে।





















