গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ
বেনাপোল প্রতিনিধি
- প্রকাশের সময় : ১২:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 4
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরণের চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী। এসব মাদক ও পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধ এবং চোরাকারবারিদের দমনে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত এ অভিযান চালানো হয়।
তিনি আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :





















