মধুখালীতে মানবিক চিকিৎসক ডা. পীযূষ বিশ্বাস
- প্রকাশের সময় : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 6
ফরিদপুরের মধুখালীতে মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি পেয়েছেন কার্ডিওলজিস্ট ডা. পীযূষ বিশ্বাস। কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত বিনামূল্যে ও স্বল্প খরচে রোগী দেখে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন।
ডা. পীযূষ বিশ্বাস এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড (কার্ডিওলজি) ও এমডি (কার্ডিওলজি) ডিগ্রি অর্জন করেছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি হৃদরোগ চিকিৎসায় দেশে-বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত আছেন।
মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের বাসিন্দা ডা. পীযূষ বিশ্বাস মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালী রেলগেট এলাকার ঢাকা ডিজিটাল ল্যাবে রোগী দেখেন। এছাড়া প্রতি শুক্রবার গ্রামের বাড়িতে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমাইন ইউনিয়নের রোগীদের তিনি ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা দেন। পাশাপাশি দুস্থ ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন। প্রতি সপ্তাহে বিপুলসংখ্যক রোগী তার কাছ থেকে এসব সেবা গ্রহণ করেন। মানবিক এই উদ্যোগের কারণে এলাকায় তিনি ‘মানবিক চিকিৎসক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
এদিকে ডুমাইন গ্রামে ডা. পীযূষ বিশ্বাসের বাড়িতে যাতায়াতের একমাত্র সড়কটি হরিপদ খালের ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।





















