ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার
- প্রকাশের সময় : ০৬:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 13
নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র ভাঙনের আশঙ্কায় পড়েছে নালুবাড়ী সরকারি আবাসন প্রকল্পের প্রায় ৮০টি পরিবার। নদী থেকে অবিরাম বালু তোলায় পাড়ে ধস দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটছে প্রকল্পের বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নালুবাড়ী এলাকায় একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি নদী থেকে দিন-রাত বালু উত্তোলন করছে। এতে নদীর পাড় ভেঙে আবাসন প্রকল্পের ঘরগুলো নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।
বাসিন্দারা জানান, বালুবাহী যানবাহনের কারণে এলাকার কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বালুর ধুলায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। স্থানীয়রা বাধা দিলেও প্রভাবশালী চক্রের কারণে কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তাদের।
নালুবাড়ী সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘ওই এলাকায় সরকারি কোনো বালু উত্তোলনের অনুমোদন নেই। বিষয়টি আগে আমার জানা ছিল না। তবে আমাকে অবহিত করা হয়েছে। এর আগেও মথুরাপুর ইউনিয়নের নালুবাড়ী এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙনের মুখে নালুবাড়ী সরকারি আবাসন প্রকল্পের প্রায় ৮০টি পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।




















