কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 5
ঝিনাইদহের কালীগঞ্জে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুনুর রশিদ, এএসআই খলিলুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে মো. আমিরুল ইসলাম ও মো. আক্তারুল ইসলাম, উল্যা গ্রামের আব্দুল গনি লস্করের ছেলে সোহেল রানা এবং নিশ্চিন্তপুর গ্রামের নির্মল কুমার দাসের ছেলে হৃদয় দাস।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চারজনের মধ্যে আমিরুল ইসলাম ও আক্তারুল ইসলাম জিআর মামলার এবং সোহেল রানা ও হৃদয় দাস সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
পরে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। এরপর নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানামূলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নেতৃত্বে অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আদালতের পরোয়ানা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।























