শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 28
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) উপজেলার ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ।
আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা ও গণমানুষের প্রতি দলের দায়বদ্ধতার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, বাহারুল ইসলাম কাজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠানে অংশ নেওয়া দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।























