সরকার নিয়ে কটূক্তির পর বিএনপির ক্ষোভ, জামায়াত নেতার দুঃখ প্রকাশ
- প্রকাশের সময় : ০৯:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 109
বর্তমান বিএনপি সরকারকে নিয়ে সিলেট জেলা জামায়াতের আমীর ও মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের কটূক্তি নিয়ে বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে জেলা ও মহানগর বিএনপি। আর ভুল বুঝতে পেরে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার জ্বালানি তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বর্তমান সরকারের ‘জন্মের ঠিক নেই’ বলে কটূক্তি করেন। সরকারকে কটূক্তি করে এমন বক্তব্য দেওয়ার পর থেকে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় কঠোর আলোচনা-সমালোচনা।
এমন অবস্থায় নিজের দেওয়া বক্তব্যে অনাকাঙ্খিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাওলানা হাবিবুর রহমান। জামায়াত নেতার দুঃখ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখলেও তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি।
শুক্রবার জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সিলেটের একজন বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ নেতার কাছ থেকে বিএনপি সম্পর্কে এমন অসংলগ্ন ও অনভিপ্রেত বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তাঁর ওই অশালীন মন্তব্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘সিলেটের রাজনৈতিক সংস্কৃতি ও ঐতিহ্য বরাবরই সৌজন্য, শালীনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর প্রতিষ্ঠিত। রাজনীতিতে মতপার্থক্য ও আদর্শিক বিরোধ থাকতেই পারে, কিন্তু দায়িত্বশীল নেতাদের বক্তব্যে সবসময় শালীনতার প্রতিফলন থাকা প্রয়োজন। এই অঞ্চলের রাজনৈতিক ভাষা কোনো কালেই এমন ছিল না। কিন্তু সিলেট-১ আসনের পরাজিত প্রবীণ রাজনীতিবিদের বক্তব্যের ভাষা এতটাই কুরুচিপূর্ণ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর মাধ্যমে তিনি সিলেটের চিরচেনা রাজনৈতিক সৌজন্যতাবোধ ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছেন।’





















