রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
- প্রকাশের সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 13
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত লাতিপভ ভিল (৪৫) নামে এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে প্রকল্পের আবাসিক এলাকা গ্রীনসিটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গ্রীনসিটি সূত্রে জানা গেছে, লাতিপভ ভিল ২১ নম্বর ভবনের অষ্টম তলার ৮৪ নম্বর ইউনিটে বসবাস করতেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল প্যারেন্ট কোম্পানি রোজেনারগোঅ্যাটমে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে সহকর্মীরা তাকে নিজ কক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। পরে গ্রীনসিটির চিকিৎসকসহ সংশ্লিষ্টদের খবর দেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার দেশে পাঠানো হবে।




















