পাংশায় গভীর রাতে ডাকাতির অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
- প্রকাশের সময় : ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 13
রাজবাড়ীর পাংশা উপজেলার নওপাড়া পাগলের বটতলা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে এসে পানি খাওয়ার কথা বলে পরিবারের এক সদস্যকে বাইরে ডেকে নেয়। বাইরে বের হওয়ার পর তার বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করা হয়।
পরে তাকে ব্যবহার করে বাড়ির অন্য সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পরিবারের কয়েকজন সদস্যকে বেঁধে রেখে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
ভুক্তভোগীরা জানান, বাড়ির চারপাশে বাউন্ডারি থাকায় সহজে প্রবেশ করতে না পেরে ডাকাতরা পরিবারের সদস্যকে দিয়ে ঘরের দরজা খুলতে চাপ দেয়। তবে সন্দেহ হওয়ায় তিনি দরজা না খুলে জানালা দিয়ে কথা বলার চেষ্টা করেন। এ সময় এক ডাকাত তার মুখে টর্চের আলো ফেলে বলে, “দরজা খুলে দাও, আমরা পানি খেয়েই চলে যাব, আমরা পার্টির লোক।”
পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত জানালা বন্ধ করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। পরে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাওয়ার সময় তারা লুট করা মালামাল সঙ্গে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




















