সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
- প্রকাশের সময় : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 14
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার পর আটক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
এর আগে, একই দিন সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। এ সময় দুটি কূটনৈতিকসহ তার মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।






















