ঝিনাইদহে এনসিপির মেয়র প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্রনেতা তারেকুল
- প্রকাশের সময় : ০৮:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 8
আসন্ন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ঝিনাইদহ সদর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারেকুল ইসলাম (তারেক রেজা)।
মঙ্গলবার (১২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পরিবর্তনের লক্ষ্যেই তারেকুল ইসলামকে ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি এবার স্থানীয় নির্বাচনে তরুণ ও সক্রিয় নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে। তারেকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে পরিচিত মুখ।
এনসিপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা বিশ্বাস করি নতুন ও সৎ নেতৃত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তরুণ নেতৃত্ব স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে।”
মনোনয়ন পাওয়ার পর তারেকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঝিনাইদহ পৌরসভাকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি মডেল পৌরসভায় রূপান্তর করাই তার লক্ষ্য।
এ ঘোষণাকে কেন্দ্র করে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই প্রার্থিতা ঘিরে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।






















