সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিলের জামিন
- প্রকাশের সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 12
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছে।
তবে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করায় তারা এখনই কারামুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।






















