তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
- প্রকাশের সময় : ১১:২৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 14
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
দীর্ঘ রাজনৈতিক আলোচনা ও জোট সমীকরণের পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়।
রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন। থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।
অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা ৫১ বছর বয়সী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে টানা পাঁচ দিন রাজনৈতিক আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক করতে হয়।
শেষ পর্যন্ত কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুইজন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) দুইজন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দুই বিধায়কের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন বিজয়। দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এরপরও তার নেতৃত্বাধীন জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১২০ জনে।
এই সরকার গঠনের মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।





















