নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
- প্রকাশের সময় : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 37
নওগাঁ শহরে অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে ২০২৬) নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন।
অভিযানে শহরের সিও বাজার এলাকায় দুটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৬ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একইসঙ্গে দুটি মামলায় মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























