ধামইরহাটে ২৪ ঘণ্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ২
- প্রকাশের সময় : ০৭:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 27
নওগাঁর ধামইরহাট থানায় সংঘটিত দোকান চুরির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চোরসহ চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজন কুখ্যাত ও অভ্যাসগত চোরকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত প্রায় ১১টার দিকে ধামইরহাট পৌরসভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চুরি হওয়া নগদ ৫,০৮০ টাকা উদ্ধারসহ দুই চোরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—লিমন বাস্কে (৩০), পিতা জেমস বাস্কে এবং মো. শাকিল হোসেন (২৮), পিতা মো. বাবলু হোসেন, মাতা হোসনে আরা। তাদের উভয়ের বাড়ি ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে।
পুলিশ জানায়, পরশু রাতে ধামইরহাট থানাধীন পূর্ব বাজারের উত্তর পাশে অবস্থিত মেসার্স কামরুজ্জামানের সার ও কীটনাশকের দোকানে দেয়াল ভেঙে চুরি সংঘটিত হয়। অভিযানের সময় চোরদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল (প্রায় ৩ ফুট), একটি লোহার ছেনি (প্রায় ১ ফুট) এবং একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। এছাড়া তোষকের নিচে লুকানো অবস্থায় নগদ ৫,০৮০ টাকা জব্দ করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















