নওগাঁর মহাদেবপুরে নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন
- প্রকাশের সময় : ০৪:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 228
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধন শেষে তিনি ফাঁড়ির বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
পুলিশ সুপার বলেন, নওহাটা মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এটি ঢাকা, বগুড়া ও নওগাঁ শহরের সঙ্গে সংযোগস্থল হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ফাঁড়িটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া আশপাশে বিভিন্ন শিল্পকারখানা, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান থাকায় এখানে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন ভবনে কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে এবং জনগণ উন্নত সেবা পাবে।

























