নওগাঁর পোরশায় ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৪:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 140
নওগাঁর পোরশা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গত ১ মে ২০২৬ তারিখ রাতে অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে পোরশা থানাধীন সরাইগাছি-আড্ডাগামী মহাসড়কের মুশিদপুর হাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শান্ত রায় (৩০), পিতা মৃত রাজেন্দ্র রায়, গ্রাম মুশিদপুর এবং হাসান আলী (২৭), পিতা মৃত সিদ্দিক আলী, গ্রাম বাকইল; উভয়েই পোরশা উপজেলার বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান চলবে।”

























