শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী
- প্রকাশের সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 18
ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১ মে) সকালে তিনি ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের কারিগরি ও অবকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিল আফরোজ, পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের কারিগরি ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত স্থানটির ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উপযোগিতা এবং যোগাযোগ সুবিধা খতিয়ে দেখা হয়। বিশেষ করে মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতের সুবিধা, জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
দীর্ঘদিন ধরে এ অঞ্চলে একটি আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তাদের মতে, এখানে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে শৈলকুপাসহ ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনের তথ্যের ভিত্তিতে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




















