নওগাঁয় ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ সদস্য গ্রেফতার
- প্রকাশের সময় : ১০:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 19
নওগাঁর পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যার পর পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার মহাসড়কের ফকিরের মোড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে পুলিশ সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর কাছ থেকে পৃথক তিনটি পলিথিনে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—শাওন শেখ (২৪), তার মা রিক্তা বেগম (৪০) এবং স্ত্রী রুবিনা (২২)। তাদের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সন্দেহ এড়াতে তারা পরিবারসহ মোটরসাইকেলে করে মাদক পরিবহন করতেন। অভিযানের সময় তাদের সঙ্গে একটি শিশুও ছিল।
পুলিশ আরও জানায়, জব্দকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনে ব্যবহৃত হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























