স্ত্রী দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ
- প্রকাশের সময় : ০৭:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 27
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে তার স্বামী তৌফীক নওয়াজ হুইলচেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে দীপু মনির সঙ্গে সাক্ষাতের অনুমতি চান তৌফীক নেওয়াজ। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষাতের অনুমতি দেন।
অনুমতির পর তাকে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেন। পরে তাকে আবার নিয়ে যাওয়া হয়।
এদিন সকালে একই মামলায় দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।




















