জগন্নাথপুরে কৃষকের বোরোধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা
- প্রকাশের সময় : ০৬:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 125
জগন্নাথপুর উপজেলার হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়ে বোরোধান কেটে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের পূর্বের হাওরে এক কৃষকের প্রায় এক বিঘা জমির পাকা ধান কেটে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ধান কর্তনে সহায়তা পাওয়া কৃষক হাজী সুহেল আমিন বলেন, শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে সময়মতো ধান কাটতে পারছিলেন না। বিএনপি নেতাকর্মীদের এই উদ্যোগে তিনি স্বস্তি পেয়েছেন।
আবু হুরায়রা সাদ মাস্টার বলেন, হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা এবং শ্রমিক সংকটের কারণে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। কোনো কৃষক ধান কাটতে সমস্যায় পড়লে দলীয় নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদের নির্দেশনায় দলের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় এ কার্যক্রম চালানো হচ্ছে।

























