নওগাঁর মান্দায় অবৈধভাবে ধানিজমির মাটি কাটায় জরিমানা, সরঞ্জাম জব্দ
- প্রকাশের সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 18
মান্দা উপজেলায় অবৈধভাবে ধানিজমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার এলেঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, অনেক কৃষক অজান্তেই সামান্য অর্থের বিনিময়ে জমির উপরিভাগের মাটি (টপসয়েল) বিক্রি করে দিচ্ছেন, যার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। একটি জমির স্বাভাবিক উর্বরতা ফিরে পেতে প্রায় ১০ বছর সময় লাগে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























