সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগ
- প্রকাশের সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 9
সাপাহার উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর এলাকায় অবস্থিত আল আকসা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা এন্ড স্কুল-এ।
অভিযোগ অনুযায়ী, উপজেলার উচাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে জিহাদ (১২) ওই মাদ্রাসার ছাত্র। সোমবার (২০ এপ্রিল) ফজরের নামাজের পর অসুস্থ অনুভব করায় সে মাদ্রাসার কক্ষে ঘুমিয়ে পড়ে। এ সময় শিক্ষক সাখাওয়াত হোসেন তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করেন বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে।
ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে ধরেন। পরে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযুক্ত শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, “পড়াশোনার সময় ঘুমিয়ে থাকায় তাকে শাসন করা হয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেন, ওই শিক্ষক আগেও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধর করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






















