নওগাঁর পোরশা থানায় বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক
- প্রকাশের সময় : ০৮:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 37
নওগাঁর পোরশা থানায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেলসহ চারজন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫) কে আটক করা হয়।
একই রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার এলাকায় মইনুল ইসলামের আমবাগান থেকে ১৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং রেজিস্ট্রেশনবিহীন দুটি মোটরসাইকেলসহ আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন—দিলিপ বাবু (১৯), রাশেদুল ইসলাম (২২) ও আব্দুর রইচ (২৬)।
পরে ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুরুজ্জামান (৩৬) নামের আরও একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মোট ট্যাবলেটের সংখ্যা ২৯টি।
পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।





















