সাপাহারে কলেজ অনুষ্ঠানে এমপির বার্তা—শিক্ষাই এগিয়ে নেবে দেশ
- প্রকাশের সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 135
নওগাঁর সাপাহারে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ-এর পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের নওগাঁ-১ আসনের সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব ও শিক্ষা খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান এবং নারীদের শিক্ষার প্রসারে মহিলা কলেজ সরকারি করার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
এ সময় আরও বক্তব্য দেন এমপির সহধর্মিণী ফরিদা আরা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর উপজেলা সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

























