নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১ কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 128
নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২৮০ লিটার চোলাই মদ, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ পিস ইয়াবা এবং ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ (ESKUF) ১৫ বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা (চার্জার) জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর, মহাদেবপুর, পত্নীতলা ও ধামইরহাট থানাসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

























