রাম ও রাবণ হয়ে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন রণবীর কাপুর-যশ
- প্রকাশের সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 63
নীতীশ তিওয়ারির আসন্ন মেগা প্রোজেক্ট রামায়ণ বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত সিনেমা। বিশেষ করে সিনেমার বাজেট এবং তারকাদের পারিশ্রমিক নিয়ে দর্শক ও মিডিয়ার কৌতূহল তুঙ্গে।
পর্দায় ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। তিনটি পর্বের জন্য তার পারিশ্রমিক মোট ২২৫ কোটি রুপি, অর্থাৎ প্রতি পর্বে প্রায় ৭৫ কোটি রুপি। শুধু অভিনয় নয়, চরিত্রের সঙ্গে মিল রেখে জীবনধারাতেও পরিবর্তন এনেছেন তিনি।
‘রাবণ’ চরিত্রে অভিনয় করছেন যশ। যদিও তিনি সিনেমার অন্যতম প্রযোজক, অভিনয়ের জন্য প্রতিটি পর্বে পাচ্ছেন ৫০ কোটি রুপি, মোট ১৫০ কোটি। চরিত্রটিকে শক্তিশালীভাবে ফুটিয়ে তুলতে লুক ও কণ্ঠে বিশেষ কাজ করছেন তিনি।
মা সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। প্রতিটি পর্বে ৬ কোটি রুপি করে মোট প্রায় ১৮-২০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
হনুমানের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে সানি দেওলকে, যার পারিশ্রমিক প্রায় ৪৫ কোটি রুপি। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন রবি দুবে, তার পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি।
সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি স্পেশাল এফেক্টস ও সেট নির্মাণেও বিপুল বাজেট খরচ করা হচ্ছে। অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি কাজ করছে, যাতে দর্শকরা বড়পর্দায় এক জাদুকরী অভিজ্ঞতা পান।
২০২৬ সালে মুক্তি পাবে ‘রামায়ণ’। চলতি বছরের দীপাবলিতে সিনেমার প্রথম ভাগ মুক্তির সম্ভাবনা রয়েছে।
























