রাজবাড়ীতে মাদক সেবীকে আটক করে পুলিশে সোপর্দ, ভিডিও ভাইরাল

- প্রকাশের সময় : ০৭:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 224
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এসেম বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্ত এসেম বিশ্বাস কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঘি-কমলা এলাকায় মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে নারুয়া ইউনিয়নের বিভিন্ন মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে মাদক ব্যবসা বন্ধের নির্দেশ দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “হয় মাদক ছাড়, না হয় এলাকা ছাড়।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উৎসাহিত হয়ে রাতেই মাদক সেবনের সময় এসেম বিশ্বাসকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে তুহিনুর রহমান তুহিন বলেন, তিনি ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মাদক বাণিজ্য ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এক মাদকসেবীকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






















