ডিউটি দেওয়ার প্রলোভনে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
- প্রকাশের সময় : ০৯:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 155
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসারে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে আখের আলী মধুখালী উপজেলায় আনসারে ডিউটি দেওয়ার কথা বলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জন ব্যক্তির কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা আদায় করেন।
কিন্তু দীর্ঘ সময় পার হলেও আনসারের ডিউটি সংক্রান্ত কোনো কাগজপত্র না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে রাখে।
গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, “আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ডিউটির ব্যবস্থা হয়নি।”
অভিযোগের বিষয়ে আখের আলী দাবি করেন, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেন যে কাউকেই ডিউটি দিতে পারেননি।
এ বিষয়ে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আখের আলীর কাছ থেকে আমি কোনো টাকা নেইনি।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

























