পাংশায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, চিহ্নিত আসামি পলাতক

- প্রকাশের সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 219
রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গোপন তথ্যের ভিত্তিতে পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ আর্মি ক্যাম্প থেকে ৫৫ এফআইইউ, এফএস ও ইউনিট অপস শাখার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফা সাইফ।
রোববার (১৯ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. কাজলের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. কাজল পালিয়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল পরবর্তীতে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






















