পাংশায় চাঁদা না দেওয়ায় গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
- প্রকাশের সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 218
রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ার জেরে প্রকাশ্যে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ মোছা. সুমাইয়া খাতুন (৩৪) উপজেলার বলরামপুর গ্রামের ট্রাকচালক জীবন হাসানের স্ত্রী।
অভিযোগে অভিযুক্তরা হলেন একই গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (২৫) ও তার পিতা মোস্তফা প্রামানিক (৪২)। তারা ভুক্তভোগীর আত্মীয় বলেও জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সবুজ প্রামানিক গত এক মাস ধরে জীবন হাসানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় বাড়িতে এসে গালিগালাজ ও হুমকি দিত। ঘটনার দিন সুমাইয়া খাতুন বাজারে গেলে সবুজ তাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় অভিযুক্তের পিতাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে।
আহতের স্বামী জীবন হাসান বলেন, “সবুজ দীর্ঘদিন ধরে আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দেওয়ায় সে গালিগালাজ ও আমার মেয়েকে হত্যার হুমকি দেয়। শুক্রবার আমার স্ত্রী বাজারে গেলে সবুজ ও আমার মেজো ভাই অতর্কিত হামলা চালায়।”
তবে অভিযুক্ত মোস্তফা প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে আগে কথা কাটাকাটির জেরে বাজারে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তিনি দাবি করেন, প্রথমে তার ছেলেকে আঘাত করা হলে পরে সে পাল্টা প্রতিক্রিয়া দেখায়।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।























