পাংশায় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত, সহযোগী অস্ত্রসহ আটক

- প্রকাশের সময় : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 209
রাজবাড়ী পাংশার কলিমহরে চাঁদাবাজি করার সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় ২টি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাটের মৃত্যু হয়েছে। তার নামে হত্যাসহ কয়েকটি মামলাও রয়েছে। এসময় সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে এবং সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত সম্রাট হোসেনডাঙ্গার অক্ষয় মন্ডলের ছেলে।
জানাগেছে, সম্রাট নিজেই তার নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকাসহ আশপাশে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি করতো। দীর্ঘ দিন পর ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে নিজের এলাকায় ফিরে এসে একটি বাড়িতে চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায়। গতকাল রাত ১১ টার দিকে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে যায়। এ সময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশাপাশের লোকজন এসে ধরে তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালালেও অস্ত্রসহ ধরা পড়ে বসাকুুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।





















