ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
- প্রকাশের সময় : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 181
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
শনিবার সকাল থেকেই দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনের ওপর স্থাপিত জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী সর্বত্র শোকের কর্মসূচি পালন করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। একই রাতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা যান। এর আগে ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।
শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
এই হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ন্যায়বিচারের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছে।























