সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- প্রকাশের সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 187
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সরকারের পক্ষ থেকে সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ড সরকার দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে— এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
এতে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন।
বিবৃতিতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে বলা হয়েছে, তারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, সে জন্য সরকার গভীরভাবে দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এই সংকটময় মুহূর্তে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।























