সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
- প্রকাশের সময় : ০৬:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 216
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে আনা হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে আটজন আহত হন। পরবর্তীতে আরও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়ায় নয়জন।
আহত শান্তিরক্ষীদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
আইএসপিআর আরও জানায়, নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছানোর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।























