ইউনূসের সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
- প্রকাশের সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 177
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকালীন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মুহাম্মদ ইউনূস ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বলেন, সারাদেশ তার জন্য দোয়া করছে এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ওসমান হাদির বোন বলেন, হাদি ছোটবেলা থেকেই দেশকে ভালোবাসতো, বিপ্লবী মননধারার অধিকারী এবং তার একটি ১০ মাসের সন্তান রয়েছে। তিনি বলেন, হাদিকে বাঁচিয়ে রাখা জরুরি, নয়তো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
ইনকিলাব মঞ্চের নেতা জাবের দাবি করেন, ৫ই আগস্টের পরও হাদি বাসায় ফেরেননি এবং যেই ব্যক্তি তাকে গুলি করেছে, সে আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল। অপরাধীকে দ্রুত গ্রেফতারের জন্য তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ফাতিমা তাসনিম জুমা।
প্রধান উপদেষ্টা জানান, এই নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারাধীন আনা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।























