ভোটগ্রহণের সময় বাড়ল এক ঘণ্টা, শুরু সকাল সাড়ে ৭টায়
- প্রকাশের সময় : ০৫:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 61
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চললেও এবার তা শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের দশম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে সময় বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে এই সপ্তাহের মধ্যেই একটি পরিপত্র জারি করবে নির্বাচন কমিশন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা করবে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে।
এছাড়া নির্বাচন কমিশনে একটি সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে, যেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধি থাকবেন। এখান থেকে নির্বাচনের সময়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হবে।























