তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব : পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 77
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়া অসুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার নিয়ন্ত্রণাধীন নয়। মায়ের সংকটময় শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বাইরে থাকা অবস্থায় সন্তানের মতো মায়ের সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে, তবে বাস্তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ তার হাতে নেই।
পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ও তারেক রহমানের পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।























