রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা
- প্রকাশের সময় : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 81
রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সীমান্তবর্তী ফরিদপুরের শিবরামপুর নতুনের শান্তি নিবাসে অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রায় দুইশ সাংস্কৃতিক কর্মী মিলনমেলায় অংশগ্রহণ করেন।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুনের শান্তি নিবাস প্রাঙ্গনে রাজবাড়ী জেলার সংস্কৃতির অতীত বর্তমান ভবিষ্যৎ বিষয়ে স্মৃতিচারণমূলক টকশো অনুষ্ঠিত হয়। যেখানে জেলার প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজার সঞ্চালনায় আলোচনা করেন রাজবাড়ী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মওলা সেলিম, জেলার প্রাচীন সাংস্কৃতিক সংগঠন শতদলের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আশরাফ আলী হাসু, রাজবাড়ী থিয়েটারের বর্তমান সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, আশির দশকের নাট্যকর্মী অর্চনা মোদক, কচিকাচার মেলা রাজবাড়ীর সাবেক পরিচালক প্রাক্তন অধ্যক্ষ সৌমেন পাল। আলোচনায় উঠে আসে জেলার আশি ও নব্বই দশকের সাংস্কৃতিক কর্মকান্ডের কথা। কীভাবে তারা কঠোর পরিশ্রম করে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবীত রেখেছিলেন। এসময় তারা রাজবাড়ীতে একটি আধুনিক মিলনায়ন নির্মাণের দাবি জানান।
মধ্যাহ্ন ভোজের পর জেলার ১৩ জন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। তারা হলেন রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, প্রাক্তন অধ্যক্ষ ফকীর আব্দুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, সংগীত শিল্পী শাহীনুর আক্তার পপি, রাজবাড়ী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মওলা সেলিম, জেলার প্রাচীন সাংস্কৃতিক সংগঠন শতদলের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আশরাফ আলী হাসু, কচিকাচার মেলা রাজবাড়ীর সাবেক পরিচালক সৌমেন পাল, অর্চনা মোদক, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, চিত্রশিল্পী গোলাম আলী ও আলোকচিত্রি আব্দুল হালিম। ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে তাদের সংবর্ধনা জানান জেলার নতুন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম।


























