‘সন্তানের যত্ন নিন, অবশ্যই রিটার্ন পাবেন’ -সচেতন নাগরিক কমিটির গণশুনানীতে বক্তারা

- প্রকাশের সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 117

সন্তানের সাফল্যে সব বাবা-মাই খুশী হন। সন্তানের সাফল্য দেখতে হলে তার যত্ন নিতে হবে। সন্তানের প্রতি স্নেহ মমতা ভালোবাসা বিনিয়োগ করুন। তার যত্ন নিন। এর রিটার্ন অবশ্যই একদিন পাবেন।
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে রাজবাড়ী শহরতলীর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণশুনানী অনুষ্ঠানে এমন কথাই বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান। সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, রাজবাড়ী সনাকের সহ সভপতি মুহাম্মদ সাইফুল্লাহ, জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাচ্চু রহমান, সহকারী অধ্যাপক মো. শফিউদ্দিন, সনাক সদস্য কমল কান্তি সরকার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গণশুনানীতে বিদ্যালয়ের অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ, বিদ্যালয়ের আঙিনা পরিস্কার, প্রাত্যহিক সমাবেশ চালু, স্কুল ড্রেস-ব্যাগ, কোচিং বন্ধ করা, সীমানা প্রাচীর, বিদ্যালয় মাঠে গরুর বিচরণ, শিক্ষার্থী ঝরে পড়া ইত্যাদি বিষয় তুলে ধরে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, সকল সমস্যা সমাধানে স্থানীয় নাগরিকদের সহায়ক ভূমিকা পালন করতে হবে। শুধু সরকারি বরাদ্দ বা অবকাঠামোই সমস্যা সমাধানের শেষ নয় বরং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় মানুষদের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল সমস্যা দূর করে শিক্ষার মানোন্নয়ন করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বদ্ধপরিকর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির সদস্য সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।























