এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে, তারা ভুল বুঝতে পারবে : ফখরুল
- প্রকাশের সময় : ১০:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 84
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করে তার আরেকটা নিদর্শন দেখা গেল আজ; দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে।”
তিনি আশা প্রকাশ করেন, যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারাও আলোচনার মাধ্যমে পরে এতে যোগ দেবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুপস্থিতিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, “আমাদের সঙ্গে আলোচনায় তারা প্রায় সব ব্যাপারে ইতিবাচক ছিল। যে জায়গায় সমস্যা ছিল, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। আমি মনে করি, এটা তাদের বিচক্ষণতার অভাব হয়েছে, নাহলে তারাও আজ সই করত।”
তিনি এটিকে বিভক্তি হিসেবে দেখছেন না, বরং বিশ্বাস করেন এনসিপি শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে। ফখরুল বলেন, “তারা ভুল বুঝতে পারবে এবং সঠিক জায়গায় এসে পৌঁছাবে।”
বিতর্কের জায়গা রয়ে গেছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিতর্ক তো সব দেশেই থাকে, আমাদের দেশেও থাকবে। কিন্তু সবকিছুর মধ্যেও যা হয়েছে, এটা একটা বড় অর্জন।”
বিএনপি মহাসচিব জানান, জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে ভবিষ্যতে আরও আলোচনা হবে।
























